পূর্বধলায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৯:০৬ পিএম

নেত্রকোনার পূর্বধলায় ইটবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম।

এর আগে বেলা ১২টায় উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুল সংলগ্ন স্টেশন সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সজুদুল হক (৫৮) উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

আহতরা হলেন পূর্বধলা রাজধলা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোফাজ্জল হোসেন (২৮) এবং টিকুরিয়া গ্রামের আলাল খানের ছেলে ১২ বছর বয়সী শিশু আনাস। আনাস নিহত সজুদুল হকের নাতি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছোছাউড়া থেকে মোটরসাইকেল যোগে তিনজন পূর্বধলার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রলির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও হ্যান্ডট্রলি জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত