বাবর-ফখরের বিরুদ্ধে তদন্তের দাবি নির্বাচকের; বাবরের বিদ্রূপাত্মক জবাব

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১২:০২ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর এবার নতুন বিতর্কে বিদ্ধ পাকিস্তান ক্রিকেট। দলের দুই বড় তারকা বাবর আজম ও ফখর জামান চোটাক্রান্ত অবস্থায় বিশ্বকাপ খেলেছেন কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক আকিব জাভেদ! এই ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে পিসিবির কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন তিনি।

বর্তমানে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। সেই সিরিজের দলে বাবর ও ফখর—কারও নাম না থাকায় রহস্য দানা বাঁধে। পরবর্তীতে নির্বাচক আকিব জাভেদ পরিষ্কার করেন যে, দুজনেই চোটের কারণে মাঠের বাইরে। তবে তার মূল আপত্তি চোটের সময়কাল নিয়ে।

আকিব ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিশ্বকাপ শেষ হওয়ার পর আমরা জানতে পারলাম যে এই দুজন আনফিট। পিসিবির কাছে আমরা তদন্তের দাবি জানিয়েছি যে, এটা কীভাবে সম্ভব? বিশ্বকাপ চলাকালীন কি তাদের ফিটনেসের যত্ন নেওয়া হয়নি? নাকি আনফিট থাকা সত্ত্বেও তাদের স্কোয়াডে রাখা হয়েছিল? কারণ, বাবর এবং ফখর এখন খেলার মতো অবস্থায় নেই!’

নির্বাচক কমিটির এই সদস্য মনে করেন, ফিজিও এবং প্রধান কোচের উচিত ছিল খেলোয়াড়দের শারীরিক অবস্থা সম্পর্কে নির্বাচকদের নিয়মিত আপডেট দেওয়া। আকিব জাভেদের দাবি, ‘বাবর ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলতে চেয়েছিলেন, কিন্তু মেডিকেল বোর্ড তাকে অযোগ্য ঘোষণা করেছে। যদি পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে উঠত, তবে কি তারা এই চোট নিয়ে ম্যাচ খেলতেন? এই স্বচ্ছতা থাকা জরুরি ছিল।’

২০২৫ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। পুরো টুর্নামেন্টে মাত্র ৯১ রান করার পর সুপার এইটের শেষ ম্যাচে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। অন্যদিকে ফখর জামান মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়ে একটিতে করেন ৮৪ রান। প্রশ্ন উঠছে, তাদের অফ-ফর্মের পেছনে কি এই লুকিয়ে রাখা চোট দায়ী ছিল? বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজে এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের অনুপস্থিতি পাকিস্তান দলকে বেশ ভোগাচ্ছে।

এদিকে আকিব জাভেদের এমন অভিযোগের পর সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপাত্মক পোস্ট দিয়েছেন বাবর আজম। তার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায়, নিজের একটা পা এডিট করে বাঁকিয়ে দিয়েছেন! এর মাধ্যমে তিনি যেন আকিব জাভেদকেই জবাব দিয়েছেন। বাবরের সেই পোস্ট নিয়ে অনেক হাস্যরস ছড়ালেও বিষয়টি নিয়ে সিরিয়াস অনেকেই। পিসিবি এখন এই তদন্তের দাবিতে কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত