প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই কি তবে শেষ হয়ে গেল? ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে ড্র করে পয়েন্ট হারানোর পর ম্যানচেস্টার সিটিকে নিয়ে এই প্রশ্ন উঠছে বেশ জোরালোভাবেই। টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এখন ৯ পয়েন্ট পিছিয়ে পেপ গার্দিওলার দল। তবে লিগে নিজেদের ৮ ম্যাচ বাকি থাকায় এখনই হাল ছাড়তে রাজি নন সিটি বস।
শনিবার লন্ডনে আর্সেনাল যখন এভারটনের বিপক্ষে ঘাম ঝরানো জয় তুলে নিচ্ছিল, তখন সিটির সামনে সুযোগ ছিল ব্যবধান কমিয়ে আনার। কিন্তু রেলিগেশন লড়াইয়ে থাকা ওয়েস্ট হামের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে তারা। এই ড্রয়ের ফলে আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে পড়েছে সিটি। আগামী মাসে ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনালের মুখোমুখি হবে তারা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গার্দিওলাকে যখন জিজ্ঞেস করা হলো শিরোপা লড়াই কি শেষ? তিনি কিছুটা রসিকতা করে উল্টো প্রশ্ন করেন, ‘কে বলেছে?’ অথচ ম্যাচের আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন পয়েন্ট হারালে লড়াই কঠিন হয়ে যাবে। নিজের সেই কথার পিঠে এখন গার্দিওলার যুক্তি, ‘না, লড়াই শেষ হয়নি। কারণ, আমরা তো হারিনি (ড্র করেছি)।’
বল দখল আর পাসিং ফুটবলে আধিপত্য দেখালেও ফিনিশিংয়ের অভাব ভোগাচ্ছে সিটিকে। ওয়েস্ট হামের বিপক্ষে ২৪টি শট নিয়েও গোল এসেছে মাত্র একটি। গার্দিওলা স্বীকার করেছেন, গত কয়েক মৌসুমের সেই 'অজেয়' ভাবটা এবার তার দলে নেই। তিনি বলেন, ‘অতীতের সেই ধারাবাহিকতা এই মৌসুমে আমরা দেখাতে পারছি না। শেষ তৃতীয়াংশে আমাদের আরও ভালো করা উচিত ছিল।’
গত তিন মৌসুমে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আর্সেনালকে। এর মধ্যে প্রথম দুইবার অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়েছিল ম্যান সিটি। তবে এবার পরিস্থিতি ভিন্ন। টানা জয়ের ধারায় থাকা গানাররা এবার শিরোপার খুব কাছে। সিটি তাদের শেষ ১৮ ম্যাচের মাত্র একটিতে হারলেও ১০ পয়েন্ট নষ্ট করেছে। লিগের বাকি ৮ ম্যাচ এখন সিটির জন্য প্রতিটিই ফাইনাল। আর্সেনাল কি এবার তাদের আক্ষেপ ঘোচাবে, নাকি গার্দিওলা শেষ মুহূর্তে কোনো ম্যাজিক দেখাবেন?
মিরপুরে ‘ফাইনালের’ রোমাঞ্চে বাগড়া দিতে পারে বৃষ্টি
বাবর-ফখরের বিরুদ্ধে তদন্তের দাবি নির্বাচকের; বাবরের বিদ্রূপাত্মক জবাব