ভারতের নির্বাচন কমিশন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাডু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
আজ রবিবার (১৫ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ এই তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, পশ্চিমবঙ্গে দুই দফায় হচ্ছে এইবারের বিধানসভা নির্বাচন। ২৩শে এপ্রিল ও ২৯শে এপ্রিল হবে ভোটগ্রহণ। কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা ও উত্তর ২৪ পরগণা জেলায় নির্বাচন হবে দ্বিতীয় দফা অর্থাৎ ২৯শে এপ্রিল। রাজ্যের বাকি সব জেলায় ভোট হবে প্রথম দফা অর্থাৎ ২৩শে এপ্রিল। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচন রাজ্যে আট দফায় অনুষ্ঠিত হয়েছিল। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।
তফসিল ঘোষণার পর আগামী সোমবার রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর।
কমিশন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে ভোটগ্রহণের দফার সংখ্যা কমলেও রাজনৈতিক সহিংসতার বিষয়টি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে কমিশন। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের জন্য বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক মোতায়েন করা হবে।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গসহ অন্যান্য চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ভোটার সংখ্যা প্রায় ১৭ কোটি ৪০ লাখ। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই ভোটার সংখ্যা ৬ কোটি ৪৪ লাখ। রাজ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ২৮ লাখ, নারী ভোটার ৩ কোটি ১৬ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ১৫২ জন।
সব মিলিয়ে এই নির্বাচনে চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ৮২৪টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে।
