নেত্রকোনার দুর্গাপুরে ঈদের উপহার পেয়েছে অসহায় ও দরিদ্র ৬০ পরিবার। রবিবার (১৫ মার্চ) দুপুরে পৌর শহরের শিবগঞ্জ বাজারে মানবিক সংগঠন ‘সোমেশ্বরী ব্লাড ডোনার সোসাইটি’ সদস্যরা ৬০টি হতদরিদ্র পরিবারের হাতে এই উপহার সামগ্রী তুলে দেয়।
ঈদ সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, সাবান ও লবণসহ ছিলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এ ছাড়া এলাকার আরও দুটি শিশুকে নতুন পোশাক উপহার দেন সংগঠনটি সদস্যরা।
২০২৫ সালের ১ নভেম্বর শুরু সংগঠনটি তাদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এমন আয়োজন বলে জানান সংগঠনটির সদস্যরা।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন সোমেশ্বরী ব্লাড ডোনার সোসাইটির উপদেষ্টা পরিচালক আব্দুর রহিম ও সাজ্জাদ নূর। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আশরাফুল, সাধারণ সম্পাদক জোনায়েত হাসান এবং সদস্য সারোয়ার হোসেন মুরাদ, মিয়া আল নোমান, শুভ সাহা, নাফিস, প্রশনজিদ, রেজাওল, মো. সানি, রুদ্র, সিয়াম, রাব্বি, আপন দত্ত, মিশুক দত্ত, জুয়েল ও সহিম প্রমুখ।
সংগঠনের সভাপতি মো. আশরাফুল বলেন, আমাদের সংগঠনটি মূলত বিনামূল্যে রক্তদান নিয়ে কাজ করলেও আমরা বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজ ৬০টি পরিবারের মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ঈদের আগ মুহূর্তে এই উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগী পরিবারগুলো। সংগঠনের এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হয়েছে।
