ভালুকায় দীপু হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম

ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনিবার (১৪মার্চ) জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকা থেকে মো. সোহেল রানা (৩৪) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। আটক সোহেল রানা টাঙ্গাইলের গোপালপুর থানার মহাইল গ্রামের তোরাব আলীর ছেলে। ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় প্রাথমিক তদন্ত ও অন্যান্য আসামিদের জবানবন্দি অনুযায়ী, ঘটনার দিন সোহেল রানা ফ্যাক্টরির ফ্লোর থেকে দীপু চন্দ্র দাসকে গার্ডরুমে নেওয়ার সময় মারধরে অংশ নেন। এছাড়া ফ্যাক্টরির অন্য কর্মীদের উসকানি দিয়ে জনতাকে সহিংসতায় উৎসাহিত করার অভিযোগও রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার হওয়া তিন আসামি আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে সোহেল রানার নাম প্রকাশ করেছিল। দীপু চন্দ্র দাস হত্যার এই মামলায় এ পর্যন্ত সর্বমোট ২৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১২ জন আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে কারখানা থেকে এক কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেয়া হয়। এ ঘটনায় তার ভাই অপু চন্দ্র দাস অজ্ঞাতপরিচয় ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত