যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১৩

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১১:৩৯ এএম

গাজায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, এক গর্ভবতী নারী এবং নয়জন পুলিশ সদস্য রয়েছেন।

রবিবার (১৫ মার্চ) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলা হলে চারজন নিহত হন। নিহতদের মধ্যে ত্রিশোর্ধ্ব এক দম্পতি ও তাদের ১০ বছর বয়সী ছেলে রয়েছে। হাসপাতাল সূত্র জানায়, নিহত নারীটি গর্ভবতী ছিলেন। একই ঘটনায় প্রতিবেশী এক ১৫ বছর বয়সী কিশোরও নিহত হয়।  

স্থানীয় বাসিন্দারা জানায়, 'আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘর কেঁপে ওঠে। কোনো আগাম সতর্কতা ছিল না।'

আরেকটি হামলা চালানো হয় আজ-জাওয়াইদা শহরের প্রবেশমুখে ফিলাডেলফি করিডোর এলাকায় একটি পুলিশ গাড়িতে। এতে নয়জন পুলিশ সদস্য নিহত হন, যাদের মধ্যে কেন্দ্রীয় গাজার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কর্নেল ইয়াদ আবু ইউসুফও ছিলেন। হামলায় আরও ১৪ জন আহত হয়েছেন। 

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত পুলিশ সদস্যরা রমজান মাসে বাজার তদারকি ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও গাজায় প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ৬৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত