পিএসএলে নাহিদ রানার সতীর্থ হলেন শরিফুল

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১১:২৯ এএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার। নিলামে অবিক্রিত থাকলেও শেষ মুহূর্তে সরাসরি চুক্তিতে পেশোয়ার জালমিতে নাম লিখিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এর ফলে একই দলে সতীর্থ হিসেবে দেখা যাবে বাংলাদেশের দুই গতিদানব নাহিদ রানা ও শরিফুলকে।

গতকাল রাতে পেশোয়ার জালমি তাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে শরিফুলের দলভুক্তির খবরটি নিশ্চিত করে। তারা লিখেছে, ‘ইয়েলো স্টর্ম আরও শক্তিশালী হলো! বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরিফুল ইসলাম প্রস্তুত, হলুদ জার্সিতে পিএসএলে ঝড় তুলতে।’

২৪ বছর বয়সী শরিফুলের জন্য এটিই হতে যাচ্ছে পিএসএলের প্রথম অভিজ্ঞতা। সম্প্রতি সমাপ্ত বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে অবিশ্বাস্য ফর্মে ছিলেন তিনি। মাত্র ৫.৮৪ ইকোনমি রেটে ২৬ উইকেট নিয়ে এক আসরে সর্বোচ্চ উইকেটের নতুন ইতিহাস গড়েন এই পেসার। দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদেই সরাসরি চুক্তির সুযোগ পেলেন তিনি, যদিও নিলামে ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যে তাকে কোনো দল ডাকেনি।

এবারের আসরে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্স তাকে ৬.৪৪ কোটি রুপির সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। এছাড়া রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমনেরাও পিএসএলে দল পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত