যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে চায় না ইরান, মেক্সিকোতে ম্যাচ সরানোর প্রস্তাব

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১২:১৭ পিএম

যুদ্ধ পরিস্থিতিতে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নিয়ে বড় ধরনের জটিলতা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে নিজেদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেখানে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। পরিবর্তে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) সঙ্গে আলোচনা শুরু করেছে দেশটির ফুটবল ফেডারেশন। খবর রয়টার্সের।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ইরান বিশ্বকাপে অংশ নিতে পারে, তবে তাদের ‘নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে’ যুক্তরাষ্ট্রে খেলা ঠিক হবে না। ট্রাম্পের এই মন্তব্যের পরই নড়েচড়ে বসেছে ইরান। ইরানি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘ট্রাম্প যখন স্পষ্টভাবে বলেছেন তিনি ইরানি দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা অবশ্যই আমেরিকায় যাব না। আমরা ফিফার সঙ্গে আলোচনা করছি যেন ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করা হয়।’

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে খেলার মাঠেও। গত সপ্তাহে ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর দেশটির ক্রীড়া মন্ত্রী জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। যদিও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সাধারণ সম্পাদক উইন্ডসর জন জানিয়েছেন, ইরান আনুষ্ঠানিকভাবে এখনো নাম প্রত্যাহারের কোনো ঘোষণা দেয়নি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ইরানের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি ম্যাচ সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে এই বিশ্বকাপ শুরু হবে। ফিফা যদি ইরানের এই দাবি মেনে না নেয় এবং ইরান শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে, তবে আধুনিক ফুটবল ইতিহাসে এটিই হবে প্রথম কোনো বড় দলের বিশ্বকাপ বয়কট।

ফিফা এখন এই জটিল পরিস্থিতির সমাধান কীভাবে করবে, তা নিয়ে ফুটবল বিশ্বে চলছে ব্যাপক গুঞ্জন। যদি ইরান শেষ পর্যন্ত অংশ না নেয়, তবে ফিফাকে দ্রুততম সময়ের মধ্যে বিকল্প কোনো দলের কথা ভাবতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত