মানবিক পরীর রহস্যময় সতর্কবার্তা

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০১:২৯ পিএম

চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে যতই চর্চা হোক না কেন শিশুদের জন্য আলাদা মমতার একটা জায়গা রয়েছে তার অন্তরে। মানবিক পরীমনি এবার মাদকাসক্ত মায়ের কাছ থেকে তিন মাস বয়সী এক শিশুকে উদ্ধারের আকুতি জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দেওয়া এক স্ট্যাটাসে তিনি বাচ্চার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে শিশুটির মাকে স্বাভাবিক জীবনে ফিরতে দ্রুত রিহ্যাব বা মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। 

পরীমনি তার পোস্টে জানান, শিশুটির মা ইয়াবায় আসক্ত এবং বাবা অর্থ আত্মসাতের দায়ে বর্তমানে কারাগারে রয়েছেন। এই পরিস্থিতিতে তিন মাসের শিশুটি তার মায়ের কাছে কোনোভাবেই নিরাপদ নয়। শিশুটির মাকে উদ্দেশ্য করে  পরীমনি লিখেছেন, তাকে একটি শেষ সুযোগ দেওয়ার জন্যই এই স্ট্যাটাসটি দিচ্ছেন। পরিস্থিতি না বদলালে তিনি পরবর্তী কঠোর সিদ্ধান্ত নেবেন বলেও হুঁশিয়ারি দেন। 

শিশুটির মা পরীমনিকে সব যোগাযোগ মাধ্যমে ব্লক করে রাখলেও নায়িকা আশা করছেন এই বার্তাটি তার নজরে আসবে। পরী উল্লেখ করেন, আমি আশা করছি তুমি আমাকে সমস্ত কন্টাক্ট ব্লক করলেও এটা তুমি দেখবে এবং তোমার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে তোমাকে সহযোগিতা করবে। নিশ্চয়ই তুমি এতটা নির্বোধ নও। 

পরীর এই পোস্ট করার পর খুব দ্রুত সময়েই রিয়্যাক্ট পড়েছে সাড়ে ১৩ হজারের বেশি,কমেন্ট ছয় শতাধিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত