ঈদের পরপরই সপরিবারে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ওমরায় যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। কিন্তু মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সেই সফর বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। প্রধানমন্ত্রীর এই সফরে তারও যাওয়ার কথা ছিল।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ফরহাদ হোসেন আজাদ বলেন, ইরান যুদ্ধের কারণে ওমরায় যাওয়া হলো না। ঈদের সময় যাওয়ার জন্য সৌদি আরবের সঙ্গে আমাদের কথা ছিল। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আমিও যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম।
উল্লেখ্য, মার্চের শুরুতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূত্রপাত হয়। এরই ধারাবাহিকতায় এখন মধ্যপ্রাচ্যজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ইরান পাল্টা হামলা চালিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও লেবাননসহ ওই অঞ্চলের কয়েকটি দেশে।
প্রধানমন্ত্রীর ওমরা সফর নিয়ে গত বছরের ডিসেম্বরে লন্ডন থেকে বাংলাদেশে ফেরার আগেও আলোচনা হয়েছিল। কিন্তু তখনও তা সম্ভব হয়নি। লন্ডন থেকে তিনি সরাসরি ঢাকায় ফিরে আসেন। তার এই সফরে সঙ্গে যাওয়ার কথা ছিল স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের।
বিএনপি সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান তারেক রহমান। সেসময় তার সঙ্গে সেখানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। এর আগে ২০১৪ সালেও তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেন। ওমরাহ শেষে তখন আবার লন্ডন ফিরে যান তিনি।
