উল্টে গেলো ফল; সেনেগালকে বাদ দিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৪ এএম

আফ্রিকা কাপ অব নেশনসের ইতিহাসে এক নজিরবিহীন ও নাটকীয় ঘটনা ঘটেছে। সেনেগালকে হারিয়ে টুর্নামেন্টের আয়োজক মরক্কোকে নতুন চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। 

গত জানুয়ারির ফাইনালে মরক্কোকে হারিয়ে উল্লাসে মেতেছিল সেনেগাল। কিন্তু দুই মাস না যেতেই সেই আনন্দ বিষাদে পরিণত হলো। মাঠের ১-০ গোলের জয়কে বাতিল ঘোষণা করে মরক্কোকে ৩-০ গোলের ‘ডিফল্ট’ জয়ী এবং টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন ঘোষণা করেছে ক্যাফের আপিল বোর্ড।

গত ১৮ জানুয়ারি ফাইনালের নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে মরক্কোর পক্ষে একটি পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়রা ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে চলে যান। প্রায় ১৫-১৭ মিনিট খেলা বন্ধ থাকার পর সাদিও মানের হস্তক্ষেপে তারা মাঠে ফেরেন। এরপর মরক্কোর ব্রাহিম দিয়াজ সেই পেনাল্টি মিস করেন এবং অতিরিক্ত সময়ে গোল করে সেনেগাল ১-০ ব্যবধানে শিরোপা জয় নিশ্চিত করে।

মরক্কোর ফুটবল ফেডারেশনের আবেদনের প্রেক্ষিতে ক্যাফের আপিল বোর্ড মঙ্গলবার এই যুগান্তকারী রায় প্রদান করে। ক্যাফ জানায়, সেনেগালের খেলোয়াড়রা প্রতিবাদের মুখে মাঠ ছেড়ে চলে যাওয়ায় টুর্নামেন্টের বিধিমালা (আর্টিকেল ৮২ এবং ৮৪) লঙ্ঘন করেছেন। নিয়ম অনুযায়ী, রেফারির অনুমতি ছাড়া কোনো দল মাঠ ছাড়লে বা খেলতে অস্বীকৃতি জানালে তারা ‘পরিত্যক্ত’ হিসেবে গণ্য হবে। সেনেগালকে বিজয়ী তালিকা থেকে মুছে ফেলে মরক্কোকে ৩-০ গোলের জয়ী ঘোষণা করা হয়েছে। এর ফলে মরক্কো তাদের ইতিহাসের দ্বিতীয় অ্যাফকন শিরোপা ঘরে তুলল।

প্রাথমিক এক শুনানিতে ক্যাফ উভয় দলকে জরিমানা করলেও ফলাফল অপরিবর্তিত রেখেছিল। কিন্তু আপিল বোর্ডের এই নতুন সিদ্ধান্তে স্তব্ধ ফুটবল বিশ্ব। মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুই সেনেগালের মাঠ ছেড়ে যাওয়াকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছিলেন। অন্যদিকে, সেনেগাল এই রায়ের বিরুদ্ধে এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালত বা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)-এ আপিল করার সুযোগ পাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত