গাইবান্ধায় ‘১ টাকার বাজার’, ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৬:২৫ পিএম

গাইবান্ধায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ‘১ টাকার বাজার’ আয়োজন করেছে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের গাইবান্ধা’। এ উদ্যোগে ২৫০ জন দুস্থ, অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে স্বল্পমূল্যে ঈদ বাজার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে গাইবান্ধা শহরের স্বাধীনতার রজত জয়ন্তী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বসে এই বিশেষ বাজার। 

এখানে মাত্র ১ টাকায় ১৮ ধরনের খাদ্যসামগ্রী দেওয়া হয়। এর মধ্যে ছিল একটি মুরগি, দুই কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, সেমাই, লাচ্ছা, চিনি, পেঁয়াজ, আলু, মরিচ, মিষ্টি কুমড়া, দুধ, লেবু ও বিভিন্ন মসলা।

বাজার থেকে সহায়তা পাওয়া গাইবান্ধা সদর উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী আছিয়া বেগম (৫৭) আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এবার ঈদে কেউ কিছু দেয়নি। কীভাবে সন্তানদের নিয়ে ঈদ করবো চিন্তায় ছিলাম। তোমরা সেই চিন্তা দূর করে দিলে।’

ফুলবন্দী গ্রামের রহিমা খাতুন (৬০) বলেন, ‘এখন ১ টাকায় কিছুই পাওয়া যায় না। অথচ এখানে এত কিছু পেলাম। ঈদের দিন নাতি-নাতনিদের নিয়ে ভালোভাবে খেতে পারবো।’

দিনমজুর হেসকার আলী (৬২) বলেন, ‘ছাত্ররা নিজেদের টাকায় আমাদের জন্য এত কিছু করছে, আল্লাহ তাদের ভালো করুক। আগের বছরও পেয়েছি, এবারও পেলাম।’

বিকেল সাড়ে ৪টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধার কবি ও সাহিত্যিক অমিতাভ দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমাদের গাইবান্ধা’ সংগঠনের সভাপতি সায়হাম রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও ছিন্নমূল মহিলা সংস্থার নির্বাহী প্রধান মুরশিদুর রহমান খান, কলেজ শিক্ষক কেএম মুত্তুজা বানু, প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন এবং সংগঠনের সাধারণ সম্পাদক চিকিৎসক মো. মুসাভিভর রহমান খানসহ অন্যান্যরা।

সংগঠনের সাধারণ সম্পাদক মুসাভিভর রহমান খান বলেন, ‘আমরা সরাসরি বিনামূল্যে দিলে সেটি দান হিসেবে মনে হতে পারে। তাই ১ টাকার বিনিময়ে দেওয়া হয়েছে, যাতে তারা সম্মান নিয়ে নিতে পারেন। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করাই আমাদের লক্ষ্য।’

আয়োজন প্রসঙ্গে গণমাধ্যমকর্মী রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা নিজেদের সঞ্চয় থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, যা সমাজের জন্য অনুকরণীয়।

উল্লেখ্য, শিক্ষার্থীদের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি ধারাবাহিকভাবে ষষ্ঠবারের মতো ‘১ টাকার বাজার’ আয়োজন করল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত