পুনরায় চালু হচ্ছে 'ভয়েস অফ আমেরিকা'

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০১:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প প্রশাসনের বন্ধ করে দেয়া আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'ভয়েস অফ আমেরিকা' (ভিওএ) পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন। আদালতের রায়ে বলা হয়েছে, সংস্থাটি বন্ধ করার প্রক্রিয়া অবৈধ এবং এতে চাকরি হারানো সাংবাদিকদের আবার কাজে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। বিবিসি সূত্রে এ তথ্য জানা যায়।   

ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক রয়েস ল্যাম্বার্থ রায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক সপ্তাহের মধ্যে ভিওএকে সম্প্রচারে ফেরানোর নির্দেশ দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, সরকারি কর্তৃপক্ষ ভিওএ কোন ভাষা বা অঞ্চলে সম্প্রচার চালাবে সে সংক্রান্ত আইনগত বাধ্যবাধকতা যথাযথভাবে বিবেচনা করেনি। 
 
ভিওএ-এর তিনজন সাংবাদিকের দায়ের করা মামলার পর এই রায় এসেছে। তাঁদের মধ্যে প্যাস্টি উইডাকুসওয়ার বলেন, 'আমরা আশা করি আমেরিকান জনগণ আমাদের সাংবাদিকতার মিশনকে সমর্থন করবে। আমাদের লক্ষ্য প্রচার নয়, সতর্ক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন।'

ভিওএ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল নাৎসি প্রচারণা মোকাবিলার জন্য। ট্রাম্পের প্রশাসন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার কয়েক সপ্তাহের মধ্যেই একটি নির্বাহী আদেশে ভিওএ বন্ধের চেষ্টা করেছিল। একইসঙ্গে রেডিও ফ্রি ইউরোপ এবং রেডিও ফ্রি এশিয়াকেও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। 

প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত হিসেবে নিয়োগপ্রাপ্ত ক্যারি লেক ৮৫ শতাংশের বেশি কর্মীকে ছাঁটাই করেন। শুধুমাত্র ভিওএতেই এক হাজারের বেশি কর্মী চাকরি হারান। আদালতের রায়ে বলা হয়েছে, ক্যারি লেকের সিনেট অনুমোদন ছাড়া এই ছাঁটাই কার্যকর করার কোনো বৈধ অধিকার ছিল না।

ভিওএ বন্ধ হওয়ার আগে এটি প্রায় ৫০টি ভাষায় টেলিভিশন, রেডিও ও ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার চালাত। ট্রাম্পের ভিওএ-বিরোধী পদক্ষেপকে মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে তার বড় সমালোচনার অংশ হিসেবে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত