ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০২:১০ পিএম

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। 

আটককৃত ব্যক্তি মো. সুমন (২৭)। তিনি পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্ত মুন্সী গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম নুরুন নবী সিকদার।

জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত