ডিএমপি কমিশনার

রাজধানীতে ১৭৭১ ঈদ জামাত, ‘যথেষ্ট প্রস্তুতি’ রয়েছে

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০১:৪৫ পিএম

ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, রাজধানীর ১২১টি ঈদগাহ ও ১৫৯৯টি মসজিদে মোট ১৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নিরাপত্তা সম্পর্কে তিনি বলেন, বিভিন্ন গোয়েন্দাদের তথ্য অনুযায়ী ‘যথেষ্ট প্রস্তুতি’ রয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

মো. সরওয়ার বলেন, বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদ জামাত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়। এছাড়া আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, প্রধান ঈদগাহ ময়দানে আসার প্রধান তিনটি সড়কের প্রবেশমুখ মৎসভবন, প্রেস ক্লাব এবং শিক্ষাভবনে ব্যারিকেড থাকবে, যেন অন্যান্য গাড়ি ঈদগাহ ময়দানের আশপাশের রাস্তায় না আসে। সেখানেও আর্চওয়ে এবং মেটাল ডিরেক্টর থাকবে।

তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগের দিন ঢাকায় তিনটি ঈদ জামাত এবং শিয়া সম্প্রদায়ের আটটি ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য সব স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সমন্বিত ও সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার শঙ্কা নেই, তারপরও আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা মনিটরিং করছে। যদি কিছু হয় আমাদের জানাবে। নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে।

কমিশনার বলেন, আমাদের ডিএমপির বোম্ব ডিসপোজাল টিম স্ট্যান্ডবাই থাকবে। পুরো এলাকা ঘিরে অন্য একটি বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করতে সোয়াট, সাদা পোশাকে ডিবি এবং সিটিটিসির সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এসময় তিনি নির্ধারিত পার্কিং স্থানের বাইরে গাড়ি নিয়ে আশেপাশে ঢোকার চেষ্টা না করতে সবাইকে অনুরোধ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত