ঈদের পর রেলসেবা আরও উন্নত করার প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী হাবিবুর

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০২:২২ পিএম

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট স্টেশন মাস্টার ও ট্রেনচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

প্রতিমন্ত্রী জানান, সান্তাহারের দুর্ঘটনার রেশ কাটিয়ে বর্তমানে উত্তরবঙ্গের সঙ্গে রেলযোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হয়েছে। তবে যেকোনো দুর্ঘটনার দায়ভার সরকার এড়িয়ে যেতে পারে না। রেলের অব্যবস্থাপনা রোধে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কমাতে তাৎক্ষণিকভাবে ওই এলাকার স্টেশন মাস্টার ও চালককে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি মাঠ পর্যায়ের কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন যেন যাত্রীসেবায় কোনো বিঘ্ন না ঘটে।

ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে দুই থেকে তিনগুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে যাত্রী কল্যাণ সমিতি যে প্রতিবেদন দিয়েছে, সেটিকে ‘সঠিক নয়’ বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো যাত্রী সরাসরি অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে অভিযোগ করেননি। পরিদর্শনকালে তিনি কমলাপুর স্টেশনে সাধারণ যাত্রীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন।

রেলপথ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে মাত্র দুটি ট্রেন ছাড়া বাকি সব ট্রেনের চলাচল স্বাভাবিক রয়েছে। এবারের ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি কোনো ত্রুটি বা ব্যর্থতা পাওয়া যায়, তবে ঈদের পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঈদের পর রেলসেবাকে আরও আধুনিক ও উন্নত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

রেল কর্মীরা সজাগ থাকার পাশাপাশি যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি মনে করেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও আরামদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত