জনগণই সকল ক্ষমতার উৎস: ফয়সল  

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৫:১৭ পিএম

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, ক্ষমতায় এসে যা খুশি তাই করার কোনো সুযোগ নেই। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ দাপট দেখাতে পারবে না। তিনি স্পষ্টভাবে বলেন, “এটা আওয়ামী লীগ সরকার নয়, এটি বিএনপি সরকার। এখানে কোনো সন্ত্রাসকে লালন-পালন করা হবে না।”

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মো. ফয়সল বলেন, জনগণের সুখ-শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। “আমরা শপথ করে দায়িত্ব নিয়েছি মানুষের কল্যাণে কাজ করার জন্য। সেই শপথ ভঙ্গ করার কোনো সুযোগ নেই। দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থই আমাদের কাছে সবার আগে। 

তিনি আরও বলেন, জনগণই এই দেশের প্রকৃত মালিক এবং সকল ক্ষমতার উৎস। তাই জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে হলে নেতাকর্মীদের অবশ্যই ন্যায় ও শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি ফয়সল বলেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। দলের ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির প্রাণ। তাদের আত্মত্যাগ, ঘাম ও পরিশ্রমের মাধ্যমেই আজকের অবস্থান সম্ভব হয়েছে। ভবিষ্যতেও তাদের ন্যায্য মূল্যায়ন করা হবে।
 
যুবসমাজের কর্মসংস্থান নিয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। মাধবপুরে বিদ্যমান শিল্পকারখানাগুলোর মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এতে করে এলাকার অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি বেকারত্বও কমবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। এতে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত, বিএনপি নেতা শফিকুর রহমান, প্রফেসর মোজাম্মেল হোসেন এবং বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট মীর সিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত