‘প্রিন্স’ ঘিরে বিড়ম্বনা, অর্ধশতাধিক হলে শো বাতিল

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৫:৪৬ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুপারস্টার শাকিব খানের মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সিনেমা ঘিরে দেশের বিভিন্ন সিনেমা হলে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। কোথাও দেরিতে সিনেমা প্রদর্শনকে কেন্দ্র করে সংঘর্ষ, আবার প্রয়োজনীয় অনুমতি (কেডিএম) না পাওয়ায় দেশের প্রায় অর্ধশতাধিক হলে নির্ধারিত শো বাতিল করা হয়েছে।


শনিবার (২১ মার্চ) প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল এই তথ্য জানান।


তিনি জানান, নতুন সার্ভার সিস্টেমের জটিলতা, লাইসেন্স না পৌঁছানো এবং প্রযুক্তিগত সমস্যার কারণে বগুড়া, মাদারীপুর, সৈয়দপুরসহ দেশের বিভিন্ন জায়গার অর্ধশতাধিক হলে সকালের শো বাতিল হয়েছে। এছাড়া সিনেমা দেখতে না পেরে কিছু জায়গায় সিনেমা হলে ভাঙচুরও করেছে মানুষ। দর্শক প্রবেশের পরেও সিনেমা চালাতে না পারায় অনেক জায়গায় টিকিটের টাকা ফেরত দিতে হল মালিকরা বাধ্য হয়েছেন।


এদিন বিকেলে ও সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর টেকেরহাট সোনালী সিনেমা হলে ছবি আসতে দেরি হওয়ায় হল কর্তৃপক্ষের সঙ্গে দর্শনার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর হয়েছে।


হল কর্তৃপক্ষ ও দর্শনার্থী সূত্রে জানা গেছে, উপজেলা টেকেরহাট সোনালী সিনেমায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘প্রিন্স’ ছবি মুক্তি পায়। সেই সিনেমা দেখতে দর্শনার্থীরা ভিড় জমান। এদিকে ছবি দেখার জন্য টিকিট সংগ্রহ করেন বেলা ১২টার দিকে দর্শনার্থীরা। আর পর্দায় সেই ছবি আসে দুপুর ৩টায় দিকে। এনিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে দর্শনার্থীরা হলের চেয়ার ভাঙচুর করেন। হল কর্তৃপক্ষ তাদের টিকিটের টাকা ফেরত দিলে তারা চলে যায়।


এ বিষয়ে হল কর্তৃপক্ষ রুহুল ইসলাম বলেন, টেকনিক্যাল সমস্যায় আমরা ১২টার শো চলেছে তিনটায় ও ৩টার শো ৪টায়ও চালাতে পারিনি। এজন্য কিছু দর্শনার্থী ছবি দেখতে না পারায় হামলা করেছে। এতে আমাদের ক্ষতি হয়েছে। এছাড়াও অনেক টাকা দিয়েও এই ছবি কিনেছি তাও আমাদের লোকসান হবে।


এ বিষয়ে জানতে চাইলে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শেখ আমিনুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।


এদিকে বগুড়ায় কেডিএম বা প্রয়োজনীয় লাইসেন্স সময়মতো না পাওয়ায় শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার প্রদর্শনী করতে পারেনি মধুবন সিনেপ্লেক্স। এ কারণে দুপুর ১২টার শো দেখতে এসে দর্শকদের অনেকেই সিনেমা না দেখেই ফিরে যেতে বাধ্য হন। পরে হল কর্তৃপক্ষ টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেয়।


সিনেপ্লেক্স সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে কেডিএম না পাওয়ায় সিনেমাটি প্রদর্শনের অনুমতি মেলেনি। ফলে প্রথম শো বাতিল করতে হয়। পরে দুপুর দেড়টার দিকে কেডিএম পাওয়ার পর বিকেল সোয়া ৩টা থেকে সিনেমার প্রদর্শনী শুরু হয়।


মধুবন সিনেপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক রোকনুজ্জামান ইউনূস বলেন, কেডিএম আমরা দেড়টার দিকে পেয়েছি, অথচ এটি সকালে পাওয়ার কথা ছিল। এজন্য ১২টার শো চালানো সম্ভব হয়নি। দর্শকদের বিড়ম্বনার শিকার হতে হয়েছে। আমরা টিকিট ফেরত নিয়েছি এবং টাকাও ফেরত দিয়েছি। পরিচালনার অভিজ্ঞতার অভাবের কারণেই এমনটি ঘটেছে। এতে আমাদেরও বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে।


আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। প্রায় ১৩০টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত