কুমিল্লার মুরাদনগরের পৃথক তিনটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ ৬০ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। রবিবার (২২ মার্চ) সকালে ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামত কান্দি ও বাবুটিপাড়া ইউনিয়নের গান্দ্রা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ধর্মমন্ত্রীর পক্ষে এই অনুদান তুলে দেন ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী জুন্নুন বসরী।
কাজী জুন্নুন বসরী বলেন, আপনারা নামাজ আদায় করবেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাদের হেফাজত করেছেন। কায়কোবাদ দাদা শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকায় এখানে উপস্থিত থাকতে পারেননি, এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, কায়কোবাদ দাদা সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে থাকেন। মানুষের পাশে থাকতে পারলে উনি খুশি হন। এছাড়া উপজেলা প্রশাসনকেও ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৫ মার্চ রাতে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি সরকার বাড়িতে আবুল কালাম আজাদ ও সালেহ আহমদের বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। অগ্নিকান্ডে তাদের বসতবাড়িসহ ঘরের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
গত ২১ মার্চ গান্দ্রা গ্রামের লিটন মিয়ার বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তার ব্যাপক ক্ষতি হয়েছেবলে জানা গেছে।
অনুদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজ মোল্লা, সৈয়দ শরীফ আহমেদসহ অন্যান্য বিএনপি নেতারা।
