জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে দাঁড়িপাল্লাকে মেইনস্ট্রিম রাজনীতিতে আসতে বাধা দেওয়া হয়েছে।
রোববার (২২ মার্চ) সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সকল বাতিল শক্তি একত্রিত হয়ে প্রতিবেশী বিদেশিদের সহায়তা নিয়ে দাঁড়িপাল্লাকে মেইনস্ট্রিমে আসতে দেয়নি। মানুষ প্রত্যাশা করছিল, এবার দাঁড়িপাল্লার জোয়ার কেউ ঠেকাতে পারবে না, কিন্তু তা হয়নি।
রফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, ইতোমধ্যে ইন্টেরিম সরকারের এক অন্যতম উপদেষ্টা রাজস্বাক্ষী হয়ে বলেছেন, নির্বাচনে তাদের (জামায়াত) মেইনস্ট্রিমে আসতে দেয়নি। গত দেড় বছর আওয়ামী লীগের চেহারা দেখা যায়নি। কিন্তু ভোটের দিন তারা তাদের চিরশত্রু ধানের শীষকে ভোট দিয়েছে।
তিনি নির্বাচনী প্রেক্ষাপট ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সংবিধান বিষয়ক মন্তব্যও করেছেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সেক্রেটারি কথায় কথায় সংবিধানের দোহাই দিয়ে বলতেন, আমরা সংবিধানের বাইরে এক চুলও নড়ব না। তাদের মতই আপনারাও সংবিধানের দোহাই দিয়ে জুলাইকে অবজ্ঞা করে কথাবার্তা বলছেন। জুলাইকে পাশ কাটিয়ে আপনারা অতীতকে ভুলে যাচ্ছেন। জনগণ তা মানবে না। টালবাহানা না করে দ্রুত গণপরিষদের শপথ গ্রহণ করে জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে জনরোষ থেকে বাঁচার চেষ্টা করেন।
রফিকুল ইসলাম আরো যোগ করেন, ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামের বিজয় থামানো যাবে না। যতদিন দেশে ইসলামের বিজয় না হবে, ততদিন আমরা লড়াই চালাবো। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা অত্যাবশ্যক।
