অবনমন শঙ্কায় থাকা সেভিয়ার আর্জেন্টাইন কোচ বরখাস্ত

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৯:২৭ এএম

লা লিগায় টানা ব্যর্থতার দায়ে মাতিয়াস আলমেইদাকে কোচের পদ থেকে সরিয়ে দিল সেভিয়া। গত শনিবার ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে ২-০ গোলে হারের পর সোমবার আনুষ্ঠানিকভাবে আর্জেন্টাইন এই কোচকে বিদায় জানায় ক্লাব কর্তৃপক্ষ। লিগের বাকি মাত্র ৯ ম্যাচ হাতে থাকতেই এই কঠিন সিদ্ধান্ত নিল সাতবারের ইউরোপা লিগ জয়ীরা।

আলমেইদার অধীনে সেভিয়ার পারফরম্যান্স ছিল এক কথায় হতাশাজনক। গত বছরের জুনে দায়িত্ব নেওয়ার পর ২৬৫ দিনের মেয়াদে ৩২টি ম্যাচে ডাগআউটে ছিলেন তিনি। যার মধ্যে মাত্র ১০টিতে জয় পেয়েছে তার দল, ড্র করেছে ৭টি আর হেরেছে ১৫টিতে। লা লিগায় সেভিয়ার ইতিহাসে অন্তত ২৫ ম্যাচে দায়িত্ব পালন করা কোচদের মধ্যে হারের হারের দিক থেকে আলমেইদা এখন তৃতীয় (৪৮.৩%)।

সবশেষ আট লিগ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে সেভিয়া। ২৯ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫ নম্বরে থাকা ক্লাবটি এখন অবনমন অঞ্চল থেকে মাত্র ৩ পয়েন্ট দূরে অবস্থান করছে। কেবল মাঠের ফলাফল নয়, আলমেইদার মেজাজও ছিল আলোচনার কেন্দ্রে। গত মাসে আলাভেসের বিপক্ষে ম্যাচে অফিশিয়ালের সঙ্গে অভব্য আচরণের দায়ে সাত ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি। যার ফলে বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত দলের ডাগআউটে থাকতে পারছিলেন না তিনি।

ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে আলমেইদাকে ধন্যবাদ জানানো হলেও তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর গুঞ্জন অনুযায়ী, লুইস গার্সিয়া প্লাজা এবং ডিয়েগো মার্টিনেজ এখন সেভিয়ার পছন্দের তালিকায় সবার ওপরে আছেন। এ ছাড়া ক্লাবের দুঃসময়ে বারবার হাল ধরা জোয়াকিন কাপারোস কিংবা মানোলো জিমেনেজের ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সামনে আন্তর্জাতিক বিরতি থাকায় নতুন কোচকে দলের সঙ্গে গুছিয়ে নেওয়ার জন্য কিছুটা বাড়তি সময় পাবে সেভিয়া ম্যানেজমেন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত