বয়সটা কেবলই একটা সংখ্যা—ক্রিশ্চিয়ানো রোনালদো যেন বারবার সেটিই প্রমাণ করছেন। ৪১ বছর বয়সে এসেও জিমনেসিয়ামে তার অনুশীলনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা এই পর্তুগিজ মহাতারকার পায়ের পেশিবহুল ছবি দেখে স্তম্ভিত ভক্তরা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র ভাষায়, এগুলো যেন সাধারণ কোনো পা নয়, বরং ‘ইস্পাতের তৈরি’।
গত ২৮ ফেব্রুয়ারি আল-ফায়হার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রোনালদো। এরপর নিজের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি পাড়ি জমান স্পেনের মাদ্রিদে। আল-নাসর এবং পর্তুগাল জাতীয় দলের চিকিৎসকদের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইনস্টাগ্রামে অনুশীলনের ছবি শেয়ার করে সিআর সেভেন লিখেছেন, ‘প্রতিদিন উন্নতি করছি।’
রোনালদোর এই অদম্য স্পৃহা দেখে মুগ্ধ ফুটবল বিশ্ব। তার শেয়ার করা পোস্টে ইতিমধ্যে ৪২ লাখেরও বেশি ‘লাইক’ পড়েছে। ভক্তদের একজন মন্তব্য করেছেন, ‘লিভিং লিজেন্ড কখনো লেগ-ডে (পায়ের অনুশীলন) মিস করেন না।’
পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্তিনেস নিশ্চিত করেছেন, রোনালদোর এই চোট গুরুতর নয়। আগামী ২০২৬ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে কোনো ঝুঁকি নেই। মার্তিনেস বলেন, ‘এটি সামান্য পেশির চোট, যা এক বা দুই সপ্তাহের মধ্যেই সেরে যাবে। রোনালদো যে শারীরিক অবস্থায় আছেন, তাতে তিনি বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন।’
আগামী ১৭ জুন যুক্তরাষ্ট্রের হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগাল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। গ্রুপ ‘কে’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।
মাঠের বাইরে থাকলেও রোনালদোর ব্যক্তিগত অর্জনের খাতা এখনো সমৃদ্ধ হচ্ছে। চলতি মৌসুমে আল-নাসরের হয়ে ২৬ ম্যাচে ইতিমধ্যে ২২টি গোল করেছেন তিনি। তবে তার মূল লক্ষ্য এখন ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করা। বর্তমানে তার গোল সংখ্যা ৯৬৫। চোট কাটিয়ে ফিরলে এই জাদুকরী সংখ্যার দিকেই থাকবে তার তীক্ষ্ণ নজর।
চোট নিয়ে ‘ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ এমবাপ্পের
নেইমারকে বাদ দেওয়ায় আনচেলত্তিকে একহাত নিলেন রোমারিও