স্ত্রীর সঙ্গে অভিমান করে নরসুন্দরের গলায় ফাঁস

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০১:৩৩ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মেলায় যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে কিশোর শীল নামের এক নরসুন্দর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মালপদিয়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত কিশোর শীল (২০) বরগুনা জেলা সদরের পাড়াকাটা গ্রামের রিপন শীলের ছেলে। তিনি সিরাজদীখান উপজেলার মধ্যপাড়া বাজারের একটি সেলুনে কর্মরত ছিলেন।

পরিবারের বরাতে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, কিশোর শীল তার শ্বশুর সুমন শীলের সঙ্গে মালপদিয়া গ্রামে একটি ভাড়া থাকতেন। তারা দুজনেই একই বাজারে কাজ করতেন। মঙ্গলবার সকালে শেখরনগর কালী পূজার মেলায় যাওয়া নিয়ে কিশোরের সঙ্গে তার স্ত্রী পায়েলের কথা-কাটাকাটি ও অভিমান হয়। এরই একপর্যায়ে পরিবারের সবার অলক্ষ্যে বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত