ধর্ষণে অভিযুক্ত পেসারকে আইপিএল খেলতে দেবে না আরসিবি

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৬ পিএম

গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাঁহাতি পেসার যশ দয়াল আসন্ন আইপিএল মৌসুমে খেলতে পারবেন না। মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিটির ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট নিশ্চিত করেছেন যে, ‘ব্যক্তিগত পরিস্থিতির’ কারণে এবারের আসরে যশ দয়াল দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। তবে তাকে এখনো ফ্র্যাঞ্চাইজিটির চুক্তিতে বহাল রাখা হয়েছে।

যশ দয়ালের বিরুদ্ধে বর্তমানে একাধিক যৌন নিপীড়নের মামলা চলছে। গত বছর জুলাই মাসে গাজিয়াবাদে এক নারী তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শোষণের অভিযোগ এনে এফআইআর করেন। এর পরপরই জয়পুরে এক কিশোরীর করা অভিযোগে তার বিরুদ্ধে পকসো আইনে মামলা হয়। গত বছরের ডিসেম্বর মাসে জয়পুরের একটি আদালত তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় তার ক্রিকেটীয় ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

দয়ালের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাকে রিটেইন বা ধরে রাখা নিয়ে ক্রিকেট মহলে বিতর্ক সৃষ্টি হয়েছিল। মো বোবাট সংবাদ সম্মেলনে বলেন, ‘যশ বর্তমানে একটি ব্যক্তিগত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা তাকে সমর্থন দিচ্ছি এবং সে আমাদের চুক্তিতেই থাকছে। তবে এই মুহূর্তে তার দলের সঙ্গে যোগ দেওয়াটা ফ্র্যাঞ্চাইজি বা তার নিজের জন্য মঙ্গলজনক নয়।’

২০২৫ মৌসুমে ১৩ উইকেট নিয়ে আরসিবির চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় অবদান ছিল দয়ালের। তার অনুপস্থিতি দলের বোলিং আক্রমণে বড় শূন্যতা তৈরি করবে। বিশেষ করে ভুবনেশ্বর কুমার ও ক্রুনাল পান্ডিয়াদের সাথে তার বাঁহাতি পেস যে বৈচিত্র্য আনত, সেটা মিস করবে আরসিবি। দয়াল চুক্তিবদ্ধ থাকায় নিয়ম অনুযায়ী তার বদলে কোনো বদলি খেলোয়াড়ও নিতে পারবে না ফ্র্যাঞ্চাইজিটি।

২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া নতুন মৌসুমে যশ দয়ালের অভাব মেটাতে জশ হ্যাজেলউড, নুয়ান তুষারা, জেকব ডাফি এবং রসিক সালামদের ওপর বাড়তি দায়িত্ব পড়বে। এছাড়া তরুণ অভিনন্দ সিং ও মঙ্গেশ যাদবদেরও নিজেদের প্রমাণ করার সুযোগ থাকছে। আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত কী হয়, তার ওপরই নির্ভর করছে যশ দয়ালের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ। আপাতত মাঠের বাইরের লড়াইয়েই ব্যস্ত থাকতে হচ্ছে এই পেসারকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত