যুক্তরাষ্ট্রের সুলিভান ভাইদের দুজন এসেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলতে। এদের একজনের অভিষেক হলো আজ মালেতে পাকিস্তানের বিপক্ষে- রোনান সুলিভান। আর লাল সবুজ জার্সি গায়ে অভিষেকই রাঙিয়েছেন এই নাম্বার নাইন জোড়া গোল করে।
প্রথমার্ধে প্রাধান্য বিস্তার করে খেলেও গোল পায়নি বাংলাদেশ। বিপরীতে রাফ ফুটবলে চারটি হলুদ কার্ড দেখতে হয়েছে পাকিস্তানীদের।
৫৪ মিনিটে রোনান সুলিভানের ম্যাজিক্যাল ফ্রি-কিকে কাঙ্ক্ষিত লিড পায় বাংলাদেশ। বক্সের প্রায় ৩০ গজ দূর থেকে রোনান সুলিভানের ডান পায়ের ফ্রি-কিক একটু বাঁক খেয়ে পাকিস্তানি গোলকিপারকে বোকা বানায়।
৬৪ মিনিটে নিঁখুত হেডে ব্যবধান বাড়ান রোনান। এবার বাঁ দিক থেকে শেখ সংগ্রামের মাপা ক্রসে রোনান হেড করলে তা রুখতে পারেননি পাকিস্তান কিপার।
৮৪তম মিনিটে একটুর জন্য ব্যবধান ৩-০ করতে পারেনি বাংলাদেশ। শ্রী সুমনের ক্রস গোলমুখে পেলেও হেড লক্ষ্যে রাখতে পারেননি নাজমুল হুদা ফয়সাল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয় মার্ক এডওয়ার্ড কক্সের শিষ্যদের।
ম্যাচশেষে বাংলাদেশের পতাকা হাতে সমর্থকদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নেন সুলিভান ব্রাদার্স। এ ম্যাচের স্কোয়াডে থাকলেও অবশ্য অভিষেক হয়নি ডেক্লান সুলিভানের।
এ ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২৬ মার্চ) গতবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে লাল সবুজরা।
