ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাজার থেকে বাড়ি ফেরার পথে মোহাম্মাদ কাশেমের(৫৫) ছুরিকাঘাতে তার ফুফাতো ভাই আবুল কালাম(৬৫) নিহত হয়েছে। মঙ্গলবার (২৪মার্চ) রাত সাড়ে ৭টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার সোহাগী ইউনিয়নের আতকাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে কাশেম পলাতক। কাশেম সোহাগী ইউনিয়নের মমরেজপুর গ্রামের প্রয়াত আব্দুর রহমানের ছেলে। নিহত ফুফাতো ভাই আবুল কালাম একই ইউনিয়নের মমরেজপুর গ্রামের প্রয়াত ছফির উদ্দিনের ছেলে। কালাম ও কাশেমের বাড়িঘর পাশাপাশি জায়গায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশেম ও আবুল কালামদের মাঝে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার সন্ধ্যার পর বাজার থেকে বাড়ি পথে আতকাপাড়ায় আবুল কালামকে ছুরিকাঘাত করে কাশেম। পরে কালামের চিৎকার শুনে তাকে উদ্ধার করে স্বজনদের খবর দেয় স্থানীয়রা। এরপর ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন,খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। আসামি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়া এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
