মাদারীপুরের কালকিনি উপজেলায় অটোরিকশা উল্টে চান মিয়া (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ আরও ৪ যাত্রী আহত হয়েছেন। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার সময় একই পরিবারের বাবা-মা ও মেয়ে ওই অটোতে ছিল। এ সময় বাবার মৃত্যু হয়। মঙ্গলবার (২৪মার্চ) সন্ধ্যায় কালকিনি উপজেলার নীলমনি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া উপজেলার বাশগাড়ী ইউনিয়নের মাঝেরচর কান্দি গ্রামের নায়েব আলী বেপারীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর উরারচর এলাকা থেকে বাশগাড়ীর উদ্দেশ্যে আসার পথে নীলমনি ব্রিজ পার হওয়ার সময় অটোরিকশার চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে খাদে পড়ে যায়। এতে চান মিয়াসহ ৬ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চান মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্য ব্যক্তিদের চিকিৎসা চলছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আজগর আলী জানান, দুর্ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে চান মিয়া হাসপাতালে আনার আগেই মারা যান। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।