অ্যানফিল্ডে ‘লাস্ট ডান্স’: অশ্রুসিক্ত বিদায়ের পথে মোহাম্মদ সালাহ

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৪ এএম

লিভারপুলের লাল জার্সিতে আর মাত্র গুটিকয়েক ম্যাচ। এরপরই শেষ হবে একটি মহাকাব্যিক অধ্যায়। ২০১৭ সালে রোমা থেকে আসার পর যিনি নিজেকে প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, সেই মোহাম্মদ সালাহ এবার মৌসুম।শেষে অ্যানফিল্ড ছাড়ছেন। লিভারপুলের হয়ে সম্ভাব্য সব শিরোপাজয়ী এই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের বিদায় এখন কেবল সময়ের ব্যাপার।

লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ৪৩৫টি ম্যাচ খেলেছেন সালাহ। গোল করেছেন ২৫৫টি, যা তাকে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ইয়ান রাশ ও রজার হান্টের ঠিক পরেই জায়গা করে দিয়েছে। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ চারটি গোল্ডেন বুট এবং তিনবার পিএফএ প্লেয়ার অফ দ্য ইয়ার হওয়ার অনন্য কীর্তি রয়েছে তার। তার হাত ধরেই লিভারপুল দীর্ঘ ৩০ বছরের খরা কাটিয়ে জিতেছে প্রিমিয়ার লিগ এবং মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়নস লিগ।

সালাহর সঙ্গে লিভারপুলের বর্তমান চুক্তি ছিল ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের অবনতিই তার বিদায়কে ত্বরান্বিত করেছে। গত অক্টোবরে আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখাটা মেনে নিতে পারেননি সালাহ। এরপর লিডসের বিপক্ষে ম্যাচের পর এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ক্লাবের কেউ তাকে বের করে দিতে চায়।

আর্নে স্লট ৪৫০ মিলিয়ন পাউন্ড খরচ করে ফ্লোরিয়ান উইর্টজ এবং আলেকজান্ডার ইসাকের মতো তরুণ তারকাদের দলে ভেড়ানোয় এটি পরিষ্কার ছিল যে, সালাহ আর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ‘মেইন ম্যান’ হিসেবে থাকছেন না।

সালাহ নিজেই ক্লাবকে অনুরোধ করেছেন তার বিদায়ের ঘোষণাটি দ্রুত দিতে, যাতে তিনি সমর্থকদের কাছ থেকে যথাযথ বিদায় নিতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘এটি আমার বিদায়ের প্রথম অংশ।’ লিভারপুলের সমর্থকরাও তাদের প্রিয় তারকাকে শেষ কয়েকটা ম্যাচে প্রাণভরে ভালোবেসে বিদায় জানাতে প্রস্তুত।

সালাহর এজেন্ট রামি আব্বাস জানিয়েছেন, সালাহ আগামী মৌসুমে কোথায় খেলবেন তা এখনো নিশ্চিত নয়। তবে ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে পরিবার নিয়ে থিতু হওয়া সালাহর জন্য এই বিচ্ছেদ হবে অত্যন্ত আবেগের।

সালাহ যখন প্রথম লিভারপুলে এসেছিলেন, বলেছিলেন ক্লাবের জন্য নিজের শতভাগ দেবেন। আজ যখন তিনি যাচ্ছেন, পরিসংখ্যান বলছে তিনি তার চেয়েও অনেক বেশি দিয়ে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত