রাজস্থান রয়্যালসের থেকে ৪৫০ কোটি রুপি পাচ্ছে শেন ওয়ার্নের পরিবার

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১০:৫৯ এএম

মাঠে বল হাতে ভেলকি দেখাতেন অস্ট্রেলিয়ার লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। কিন্তু মাঠের বাইরেও যে তিনি কতটা দূরদর্শী ছিলেন, তার প্রমাণ মিলল ১৮ বছর পর। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হওয়ার সময় করা একটি বিশেষ চুক্তির সুবাদে এখন তার পরিবার প্রায় ৪৫০ থেকে ৪৬০ কোটি রুপি পেতে যাচ্ছে।

২০০৮ সালে যখন রাজস্থান রয়্যালস ওয়ার্নকে দলে ভেড়ায়, তখন তাকে কেবল অধিনায়কই নয়, ক্রিকেট অপারেশন্সের পূর্ণ নিয়ন্ত্রণও দেওয়া হয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী, প্রতি বছর খেলার বিনিময়ে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানার ০.৭৫ শতাংশ শেয়ার দেওয়া হতো ওয়ার্নকে। ওয়ার্ন টানা চার মৌসুম দলটির হয়ে খেলেছিলেন এবং প্রথম আসরেই তাদের শিরোপা জিতিয়েছিলেন। ফলে দলটিতে তার মোট শেয়ারের পরিমাণ দাঁড়ায় ৩ শতাংশ।

ওয়ার্ন একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘চুক্তির অংশ হিসেবে তারা আমাকে অধিনায়ক ও কোচের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের মতো করে দল চালানোর সুযোগ দিয়েছিল। আমিই ছিলাম সবকিছুর নিয়ন্ত্রক।’

সম্প্রতি রাজস্থান রয়্যালস একটি মার্কিন কনসোর্টিয়ামের কাছে ১.৬৩ বিলিয়ন ডলারে (প্রায় ১৫,২৯০ কোটি রুপি) বিক্রি হয়েছে। এই বিশাল অংকের ৩ শতাংশ শেয়ারের বর্তমান বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৪৫০ কোটি রুপির বেশি। ২০০৮ সালে মনোজ বাদালের ইমার্জিং মিডিয়া মাত্র ৬৭ মিলিয়ন ডলারে এই ফ্র্যাঞ্চাইজিটি কিনেছিল। সেই হিসেবে দলটির মূল্য এখন বহুগুণ বেড়ে গেছে।

আইপিএলের ২০২৬ আসর শেষ হওয়ার পর ওয়ার্নের পরিবার এই শেয়ার বিক্রি করে অর্থ বুঝে নিতে পারবে। তবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমোদনের প্রয়োজন হবে। ২০২২ সালে ওয়ার্ন না ফেরার দেশে চলে গেলেও তার সেই সময়ের বিচক্ষণতা আজ তার পরিবারের জন্য এক বিশাল আর্থিক নিরাপত্তা নিশ্চিত করল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত