খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হুমকি বিএনপি নেতার

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৬:০৯ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে সরকারের খাল খনন কর্মসূচি চলার মধ্যে পানি উন্নয়ন বোর্ডের পুকুর ভরাট করার বিষয়ে ভিডিওতে কথা বলায় এক সাংবাদিককে হুমকি দিয়েছেন বিএনপির স্থানীয় নেতা সেকান্তর আলম।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ভুক্তভোগী ও দৈনিক আমার দেশ পত্রিকার কমলনগর উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেন আমু এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। অভিযুক্ত সেকান্তর আলম একই উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল হক ছোট মিয়ার ছেলে।

জিডি সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন আমু মঙ্গলবার (২৪ মার্চ) একই উপজেলার করইতোলা বাজারে পানি উন্নয়ন বোর্ডের জলাশয় মাটি ভরাট করে দোকান নির্মাণ বিষয়ে তথ্য নেওয়ার জন্য ঘটনাস্থলে যান। সেখানে তথ্য নেওয়ার পর তিনি নিজের ফেসবুকে এ সংকান্ত ১ মিনিটি ৩৫ সেকেন্ডের একটি ভিডিও বক্তব্য পোস্ট করেন। ক্যাপশনে লেখেন- বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি বাস্তবায়ন কাজ করলেও লক্ষ্মীপুরের কমলনগরের করইতোলা বাজারে খাল দখল চলছে- এতে জনমনে প্রশ্নে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

সাংবাদিক আমজাদের ভিডিও বক্তব্যটি ১৫ হাজার মানুষ দেখে, ৫১ জন শেয়ার করেন এবং ৬৮জন মন্তব্য করেন। সেখানে বিএনপি নেতা সেকান্তর আলম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি করেন। যাতে লেখেন- বাজারে যে আরও দুই শ লোকে দখল করে দোকানপাট নির্মাণ করছে তুই কি চোখে দেখছনি। তুই বহুত পাজলামি করছ। তোরে শনি ঘুরা‌তে কিন্তু.....তুই চালা তোর মতো চাঁদাবাজ হলুদ সাংগাতিক এগিয়ে যা।

সাংবাদিক আমজাদ জানান, অন্য ব্যক্তির অন্যায়ের বিরুদ্ধে কথায় বলায় বিএনপি নেতা সেকান্তর আলম আমাকে হত্যা করার জন্য সরাসরি ফেসবুকে এসে হুমকি দিয়েছেন। এ ঘটনার পর দুপুরেই আমি কমলনগর থানায় একটি ডিজি করেছি। আশা করছি প্রশাসন ব্যবস্থা নেবে।

অভিযুক্ত সেকান্তর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। এ সময় তিনি আরও বলেন, তিনি এখন কোর্টে মামলা করবেন। তবে কি বিষয়ে মামলা করবেন সেটা তিনি জানাননি।

কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, সেকান্তর আলম বিএনপির কোনও পদ-পদবিতে নেই। তিনি কয়েক বছর আগেই বিএনপি থেকে ইস্তফা দিয়েছেন। বর্তমানে কোনও দলই করেন না।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন, সাংবাদিক আমজাদ হোসেন আমু ফেসবুকে খাল খনন সম্পর্কে একটি ভিডিও বার্তা প্রচার করলে তার বিরুদ্ধে সেকান্তর আলম নামে এক ব্যক্তি কুরুচি মন্তব্য এবং প্রাণনাশের হুমকি দিয়ে কমেন্ট করেন। থানায় জিডি হয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত