মাধবপুরে চা বাগানে পেমেন্ট না দেওয়ায় ব্যবস্থাপকের বাংলোতে তালা

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৭:৪২ পিএম

হবিগঞ্জের মাধবপুরের সুরমা চা বাগানে দুই সপ্তাহ যাবত শ্রমিকদের পেমেন্ট বন্ধ থাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে বাগানের শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করে বাগানের ব্যবস্থাপক বাবুল সরকারের বাংলোর গেইটে তালা লাগিয়ে দেন।

সুরমা চা বাগানের পঞ্চায়েত নেতা দ্বীপ কর্মকার জানান, দুই সপ্তাহ যাবত শ্রমিকদের পেমেন্ট দেওয়া হচ্ছে না। গতকাল বাগানের ব্যবস্থাপক কাউকে কিছু না জানিয়ে চলে গেছেন। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা তার বাংলোর গেইটে তালা লাগিয়ে দিয়েছে। এখন কর্মবিরতি চলছে, আগামী রবিবারের মধ্যে সমস্যার সমাধান না হলে পঞ্চায়েত কমিটি আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

শ্রমিক নেতা প্রদীপ কৈরি জানান, শ্রমিকরা কেন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তা আমরা লিখিতভাবে প্রশাসন ও কর্তৃপক্ষকে অবগত করব।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পঞ্চায়েত নেতা জানান, অন্যান্য চা বাগানে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হলেও আমাদের সুরমা চা বাগানের মালিকপক্ষ শ্রমিকদের পেমেন্ট সময়মতো দেওয়ার চেষ্টা করেন। এটা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, আমাদের সবার ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা দরকার।

সুরমা চা বাগানের ব্যবস্থাপক বাবুল সরকার জানান, অর্থনৈতিক সমস্যার কারণে গত সপ্তাহে শ্রমিকদের পেমেন্ট দেওয়া হয়নি। এ সপ্তাহের পেমেন্ট দেওয়ার বিষয়টি অনিশ্চিত হওয়ায় আমি মালিকপক্ষের সঙ্গে কথা বলতে গতকাল ঢাকায় প্রধান কার্যালয়ে এসেছি। আশা করি অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত