শিবালয়ে ২০১ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০২:৩৩ পিএম

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিবালয়ে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ২০১ জনকে সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার। 

এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শিবালয় উপজেলা আহ্বায়ক ডা. সৈয়দ জালাল উদ্দিন আহম্মদ সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম, শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন, বরঙ্গাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী বেপারী লাভলু, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য হাজী মো. মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, কৃষকদলের সভাপতি আনিসুর রহমান আনিস, যুবদল আহ্বায়ক হোসেন আলী, সদস্য সচিব সোহেল রানাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে টেপরাস্থ শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে টেপরার দশচিড়া মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বাদ জোহর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় মসজিদসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিকেলে প্রীতি ক্রিকেট ম্যাচ ও দেশীয় খেলাধুলার আয়োজন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত