বেকায়দায় সালমান খান

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১২:২৫ এএম

সময়টা অনুকূলে নেই ভাইজানখ্যাত বলিউড সুপারস্টার সালমান খানের। বিশেষ করে গত দুবছরে নানা ধরনের প্রতিকূলতার মধ্যে পড়তে হচ্ছে তাকে। এমনকি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে অনেকবার। এতকিছুর পর পান মশলার বিজ্ঞাপন নিয়েও পড়তে হলো নতুন ঝামেলায়। ‘সেলিব্রিটি বলেই কি আইনের বাইরে থাকা যায়?’ এই প্রশ্নেই যেন সুর চড়াল রাজস্থানের উপভোক্তা কমিশন। প্যান মশলার বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে এবার আরও কড়া পদক্ষেপের নির্দেশ দিল রাজস্থানের জেলা উপভোক্তা কমিশন।

রাজস্থানের জেলা উপভোক্তা কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আগেই জারি হওয়া জামিন যোগ্য ওয়ারেন্ট কার্যকর করতে রাজস্থান পুলিশকে বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে হবে। শুধু তাই নয়, এই দলকে মুম্বই গিয়ে সরাসরি পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে।

একাধিকবার সমন ও জামিন যোগ্য ওয়ারেন্ট জারি করা হলেও তা কার্যকর হয়নি। ১৫ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি এবং মার্চ ১৬- এই তিন দফায় পরোয়ানা জারি হলেও একবারও হাজিরা দেননি সালমান খান। একইসঙ্গে সংশ্লিষ্ট প্যান মশলা সংস্থার ডিরেক্টরদের বিরুদ্ধেও ওয়ারেন্ট জারি হয়েছিল।

এই পরিস্থিতিতে কমিশনের কড়া বার্তা, আগামী ৬ এপ্রিলের শুনানিতে যদি অভিযুক্তরা হাজির না হন, তবে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। কমিশন স্পষ্ট বলেছে, ‘তারকা হওয়া মানে আইনের ঊর্ধ্বে থাকা নয়। বারবার ওয়ারেন্ট অমান্য করা আইনের প্রতি উপহাস।’

অভিযোগকারী যোগেন্দ্র সিংয়ের দাবি, ‘কেশর যুক্ত এলাচি’ ও ‘কেশর যুক্ত প্যান মশলা’ নামে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। এমনকি কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারির পরও সেই প্রচার বন্ধ হয়নি, যা আদালত অবমাননা বলেই মনে করছে কমিশন।

সব মিলিয়ে, এই মামলায় স্পষ্ট বার্তা দিতে চাইছে কমিশন, আইনের চোখে সবাই সমান। সে তিনি সাধারণ মানুষ হোন, বা বলিউডের সুপারস্টারই কেন না। যদিও সালমান খান বা তার টিমের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয় কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে বক্স অফিসে ঈদ মানেই সালমান খান। আর সেই ধারা বজায় রাখতেই ২০২৭ সালের ঈদকে পাখির চোখ করেছেন ‘টাইগার’। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন অপূর্ব লাখিয়ার ‘মাতৃভূমি’ ছবির শুটিংয়ে। তবে এরই মধ্যে খবর চাউর হয়েছে যে, আগামী ১৪ এপ্রিল থেকে সালমান তার পরবর্তী হাই-ভোল্টেজ অ্যাকশন এন্টারটেইনারের শুটিং শুরু করতে চলেছেন। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির নামি প্রযোজক দিল রাজু এবং পরিচালক ভামশী পডিপল্লীর সঙ্গে এই প্রজেক্টে হাত মিলিয়েছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত