জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল স্বাধীনতা দিবস পালন

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৩:২১ পিএম

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখা ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) স্কুল প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ নাসির উদ্দিন। এর আগে দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

এসময় আরও উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল, শিক্ষক ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সাংবাদিক নেতারা। 

দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন,নতুন প্রজন্মে কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং ২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনসহ মহান স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা বলেন, একাত্তরের মার্চ থেকে ডিসেম্বরের ইতিহাস শুধু যুদ্ধের নয়, স্বপ্নের। চরম অনিশ্চয়তার মধ্যে সেইদিন মেজর জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার। যার মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে আজকের স্বাধীনতা অর্জন।

প্রতিষ্ঠানটির শিক্ষক এস এম মিজানুর রহমানের সঞ্চালনা ও প্রিন্সিপাল মোহাম্মদ মতিউর রহমান খানের  সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ নাসির উদ্দিন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ম্যানেজিং কমিটির পরিচালক অর্থ আব্দুল আরিফ খান, শিক্ষক কামাল হোসেন, বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিনসহ অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেন, মনোয়ার খান ও আব্দুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত