এবার শিশুদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৬:৪৪ পিএম

সাইবার বুলিং ও ইন্টারনেট আসক্তি রুখতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ইন্দোনেশিয়া। শনিবার (২৮ মার্চ) থেকে দেশজুড়ে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়াই প্রথম এই কঠোর আইন বলবৎ করল। দেশটিতে বর্তমানে ১৬ বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় সাত কোটি।

ক্রমবর্ধমান সাইবার বুলিং, পর্নোগ্রাফি, অনলাইন প্রতারণা ও স্ক্রিন অ্যাডিকশনের মতো বিষয়গুলো নিয়ে উদ্বেগ থেকেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

ইন্দোনেশিয়া সরকার প্রাথমিকভাবে বেশ কিছু ডিজিটাল প্ল্যাটফর্মকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। এই তালিকার মধ্যে রয়েছে—ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, এক্স (সাবেক টুইটার), বিগো লাইভ ও রোবলক্স ও থ্রেডস।

নিষেধাজ্ঞা অনুযায়ী, এই প্ল্যাটফর্মগুলোকে অবশ্যই অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের প্রবেশাধিকার বন্ধ করতে হবে এবং তাদের বিদ্যমান অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় বা মুছে ফেলতে হবে।

ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রী মেউত্যা হাফিদ গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আইন মানার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। ইন্দোনেশিয়ায় ব্যবসা করতে হলে বিদ্যমান নীতিমালা মেনেই করতে হবে।’

তিনি আরও জানান, এক্স, বিগো লাইভ, টিকটক ও রোবলক্স ইতিমধ্যে নীতিমালার সঙ্গে খাপ খাইয়ে নিতে কাজ শুরু করেছে। আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এর আগে গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করে। এরপর যুক্তরাজ্য, মালয়েশিয়া, ডেনমার্ক, গ্রিস, স্পেন, আয়ারল্যান্ড এবং অস্ট্রিয়াও একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে।

জাতিসংঘের এক গবেষণায় দেখা গেছে, ইন্দোনেশিয়ার প্রায় অর্ধেক অপ্রাপ্তবয়স্ক অনলাইনে যৌন হয়রানি বা বুলিংয়ের শিকার হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত