মানিকগঞ্জের সেরা ওসি সাটুরিয়ার নজরুল ইসলাম

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৭ পিএম

মানিকগঞ্জ জেলায় ফেব্রুয়ারি ২০২৬ মাসের শ্রেষ্ঠ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য অবদান রাখায় তিনি এ সম্মাননায় ভূষিত হন।

রবিবার (২৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সেরা ওসির নাম ঘোষণা করেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলার প্রতিটি থানাকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হচ্ছে। ওসি নজরুল ইসলাম তার দায়িত্ব পালনে আন্তরিকতা, দক্ষতা ও নেতৃত্বগুণের অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান জোরদার এবং মামলা নিষ্পত্তিতে তার সাফল্য সত্যিই প্রশংসনীয়। এ ধরনের স্বীকৃতি অন্য কর্মকর্তাদেরও আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।

সেরা ওসি খেতাব পাওয়া মো. নজরুল ইসলাম বলেন, এই সম্মাননা আমার একার নয়, এটি আমার থানার পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। সাটুরিয়া থানার সকল সদস্য দিন-রাত পরিশ্রম করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। আমি মানিকগঞ্জ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞ, যারা আমাদের কাজের স্বীকৃতি দিয়েছেন।

ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত