নেত্রকোনার কেন্দুয়ায় সাইডুলি নদী থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(২৯মার্চ) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া গ্রাম সংলগ্ন নদী থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে একটি নবজাতকের দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সকাল আনুমানিক নয়টার দিকে আমরা বিষয়টি জানতে পারি এবং বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করি। শিশুটি সদ্য ভূমিষ্ঠ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সম্ভবত এটি নদীতে ভেসে এসেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান তিনি।
