ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো ও ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০২:৩০ পিএম

খেলাধুলা কেবল শখ বা বিনোদন নয়, বরং পেশা হিসেবে মর্যাদা দেওয়া দাবি ছিল অনেকদিনের। সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ‘ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া কার্ড’ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ১২৯ জন ক্রীড়াবিদকে মোট ২ কোটি ৪৪ লক্ষ টাকার বিশেষ সম্মাননা ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী ঘোষণা করেন, এখন থেকে তালিকাভুক্ত ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি মাসে ১ লক্ষ টাকা করে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদেরও এই সম্মানী ও অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া কাঠামোর আওতায় আনা হয়েছে।

পুরস্কারের হিসেবে একক পর্যায়ে স্বর্ণজয়ীরা ৩ লক্ষ, রৌপ্যজয়ীরা ২ লক্ষ এবং ব্রোঞ্জজয়ীরা ১ লক্ষ টাকা করে পেয়েছেন। দলগত সাফল্যের ক্ষেত্রে এই অঙ্ক যথাক্রমে ২ লক্ষ, ১.৫ লক্ষ ও ১ লক্ষ টাকা। প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই অঙ্গীকার নিয়ে আমরা ক্রীড়াঙ্গনকে আমূল বদলে দিতে চাই।’ তিনি প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের ‘স্পোর্টস ভিলেজ’ এবং প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী আরও জানান, আগামী ৩০ এপ্রিল থেকে সারাদেশে তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি শুরু হবে। এছাড়া ২০২৭ সাল থেকে জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার প্রক্রিয়া চলছে। ঢাকার ওপর চাপ কমাতে বিভাগীয় শহরগুলোর ৭টি বিকেএসপি শাখাকে পূর্ণাঙ্গ বিকেএসপিতে রূপান্তর করার উদ্যোগের কথাও জানান তারেক রহমান।

অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিসার ও শিক্ষক নিয়োগের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী তরুণ ক্রীড়াবিদদের ‘নতুন বাংলাদেশের সোনালি প্রহরের অগ্রদূত’ হিসেবে অভিহিত করে আশাবাদ ব্যক্ত করেন যে, আধুনিক প্রশিক্ষণ ও সরকারি আর্থিক নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও সাফ গেমসের মতো আসরগুলোতে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত