চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আয়োজনে নগরীতে ১৯দিন ব্যাপী স্বাধীনতার বই মেলা শুরু হতে যাচ্ছে। আগামাীকাল মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত এ মেলায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানসহ মোট ১১২টি প্রকাশনা সংস্থা অংশ নিতে যাচ্ছে।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা চট্টগ্রাম জিমনেসিয়াম মাঠে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, বর্তমান প্রজন্মের অনেকেই মোবাইল ও মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা তাদের ভবিষ্যতের জন্য হুমকি। বইমেলা তরুণ প্রজন্মকে সৃজনশীল পথে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তিনি অভিভাবক, শিক্ষক ও সমাজের সকল স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টায় নগরীর স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এ মেলার উদ্বোধন হবে, যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। মেলায় মোট ৪০ হাজার বর্গফুট জায়গাজুড়ে ১২৯টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এবারের মেলায় থাকছে রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, লেখক সমাবেশ, শিশু ও যুব উৎসব, মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান, কবিতা ও ছড়া উৎসব, আলোচনা সভা, লোকজ ও নৃগোষ্ঠী সংস্কৃতি বিষয়ক আয়োজনসহ নানা অনুষ্ঠান। প্রতিদিনের আলোচনা সভায় দেশের বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষাবিদরা অংশ নেবেন।
পুরো মেলা প্রাঙ্গণ সিসিটিভি নেটওয়ার্কের আওতায় থাকবে এবং পুলিশের পাশাপাশি বেসরকারি নিরাপত্তা সংস্থাও দায়িত্ব পালন করবে। এছাড়া দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য পর্যাপ্ত খোলা জায়গা রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, মেয়রের একান্ত সচিব অভিষেক দাস, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা, রাজস্ব কর্মকর্তা সাব্বির রহমান সানি, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোবাইদা আকতার, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ, সমাজ কল্যাণ কর্মকর্তা মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহাবুদ্দীন হাসান বাবু।
ধারের টাকা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ৩০
বাথরুমে পড়ে গুরুতর আহত চট্টগ্রামের এসপি, ঢাকা স্থানান্তর