ফের জমজমাট থিয়েটারপাড়া

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৮ এএম

ঈদের আমেজ এখনো পুরোপুরি কাটেনি। এর মধ্যেই ধীরে ধীরে জমতে শুরু করছে  থিয়েটারপাড়া। গত রোজার মধ্যে অনেকটাই বন্ধ ছিল মঞ্চনাটকের প্রদর্শনী। কিন্তু রমজান শেষে ঈদের পর পরই মঞ্চস্থ হয় বেশ কয়েকটি নাটক। বিশেষ করে গত ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একাধিক নাটক মঞ্চায়নের মাধ্যমে জমতে শুরু করে নাটকপাড়া। খোঁজ নিয়ে জানা গেছে, এপ্রিলের প্রথম দিন থেকেই পুরনো ছন্দে ফিরবে শিল্পকলা একাডেমিসহ অন্যান্য ভেন্যু। আগামীকাল বুধবার প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আজ বুধবার থেকে টানা তিন দিন জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে দলটির দর্শকনন্দিত দুটি প্রযোজনা ‘শেষের কবিতা’ ও ‘টিনের তলোয়ার’। বিগত দুই বছর শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়নের সুযোগ না পেলেও প্রাঙ্গণেমোর নিয়মিতভাবে নাটক প্রদর্শনী করে আসছিল বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে। তবে নাট্যকর্মীদের প্রাণের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত জাতীয় নাট্যশালায় ফেরার এই ক্ষণকে স্মরণ করতে দলটি নিয়েছে বিশেষ প্রস্তুতি।

আজ সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস অবলম্বনে নাটক ‘শেষের কবিতা’। এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হীরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে নাটকটি এবার মঞ্চে আসছে সম্পূর্ণ নতুন আঙ্গিক ও নতুন ভাবনায়। আগামীকাল বৃহস্পতিবার ও পরের দিন শুক্রবার একই সময়ে একই মঞ্চে প্রদর্শিত হবে নাট্যসম্রাট উৎপল দত্তের অমর সৃষ্টি ‘টিনের তলোয়ার’। নাটকটির নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার অনন্ত হীরা। উনিশ শতকের বাংলা থিয়েটারের প্রেক্ষাপটে রচিত এই নাটকটি সমকালীন বাস্তবতায় এখনো অত্যন্ত প্রাসঙ্গিক। ‘শেষের কবিতা’ নাটকে অভিনয় করেছেন অনন্ত হীরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, বাঁধন সরকার, নাসরীন মিশু, তমা হোসেন, সীমান্ত আমীন, তন্বী ইসলাম মিষ্টি, ফাহিম মুনতাসির, নাঈম ইসলাম। ‘শেষের কবিতা’ নাটকে মঞ্চ করেছেন ফয়েজ জহির, আলো তৌফিক আজীম রবিন, সংগীত রামিজ রাজু, পোশাক নূনা আফরোজ, কোরিওগ্রাফি ইভান শাহরিয়ার সোহাগ ও রূপসজ্জা জনি সেন।

‘টিনের তলোয়ার’ নাটকে অভিনয় করছেন অনন্ত হীরা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নির্ঝর, তমা হোসেন, ফাহিম মুনতাসীর, নাজিম আহমেদ ত্বকি, জহিরুল ইসলাম ও তন্নী ইসলাম। ‘টিনের তলোয়ার’ নাটকটির মঞ্চ ডিজাইন করেছেন ফয়েজ জহির, আলো ঠা-ু রায়হান, সংগীত শিশির রহমান, পোশাক নূনা আফরোজ, রূপসজ্জা জনি সেন ও পোস্টার চারু পিন্টু।

অন্যদিকে দীর্ঘ ৬ বছর বিরতির পর আবার মঞ্চে আসছে নাট্যদল আপস্টেজের আলোচিত প্রযোজনা ‘রাত ভ’রে বৃষ্টি’। আজ থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনে চারটি প্রদর্শনী হবে নাটকটির। শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রথম দুদিন সন্ধ্যা সাড়ে ৭টা এবং শেষের দিন বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটকটি উপভোগ করা যাবে। নাটকটি নির্মিত হয়েছে বুদ্ধদেব বসুর আলোচিত উপন্যাস ‘রাত ভ’রে বৃষ্টি’ অবলম্বনে। ১৯৬৭ সালে প্রকাশিত এই উপন্যাসটি একসময় অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ হয়েছিল। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এ নাটকের মঞ্চরূপ ও নির্দেশনায় রয়েছেন সাইফ সুমন। নাটকে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, প্রশান্ত হালদার এবং রঞ্জন দে সাথী।

নির্দেশক সাইফ সুমনের ভাষ্য অনুযায়ী, নাটকটির গল্প মূলত মধ্যবিত্ত সমাজের দাম্পত্য সম্পর্কের জটিলতা, মানসিক টানাপড়েন ও অব্যক্ত অনুভূতির প্রকাশ। তিনটি চরিত্রের ভেতর দিয়ে উঠে এসেছে ভালোবাসা, সন্দেহ, বিশ্বাস-অবিশ্বাসের সূক্ষ্ম দ্বন্দ্ব। তিনি জানান, আগের প্রযোজনার তুলনায় এবারের মঞ্চায়নে সেট, কস্টিউম, অভিনয় ও ডিজাইনে আনা হয়েছে নতুনত্ব। পাশাপাশি বুদ্ধদেব বসুর ভাষার সৌন্দর্য ও অভিনয়ের গভীরতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ২০২০ সালের ৪ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাটকটির সর্বশেষ প্রদর্শনী হয়েছিল। একই বছরের ২৪ মার্চ শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়।

এদিকে জাগরণী থিয়েটারের ১৫তম প্রযোজনা মাহফুজা হিলালীর রচনায় ও দেবাশীষ ঘোষের নির্দেশনায় ‘রাজার চিঠি’ মঞ্চস্থ হবে আগামী ৪ এপ্রিল। রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে বিকাল সোয়া ৫টায় এবং সাড়ে ৭টায়  নাটকটির ৫১ ও ৫২তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত