পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

সভাপতি হলেন সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি করা হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে। আবদুল মঈন খান স্থানীয় সরকারমন্ত্রী হওয়ায় সভাপতির পদটি শূন্য হয়। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

এদিকে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচারমন্ত্রী হওয়ায় কমিটি পুনর্গঠন করা হয়। এ কমিটির নতুন সভাপতি হয়েছেন বিএনপির সংসদ সদস্য নওশাদ জমির।

গাজী নজরুলের বদলে কমিটিতে রায়হান সিরাজী

এদিকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াত। তাঁকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও বিশেষ কমিটি থেকে জামায়াতের অনুরোধে বাদ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে গাজী নজরুল ইসলামের বদলে আবদুল ওয়ারেছকে যুক্ত করা হয়েছে।

অন্যদিকে বিশেষ কমিটিতে গাজী নজরুলের বদলে নাজিবুর রহমানকে যুক্ত করা হয়েছে।

এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বদলে জামায়াতের রায়হান সিরাজীকে নেওয়া হয়েছে।

কার্যউপদেষ্টা কমিটির সদস্য হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বদলে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে যুক্ত করা হয়েছে।

এদিকে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির পদ থেকে বিরোধী দলের সদস্য আনোয়ারুল ইসলামের বদলে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে যুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত