ড্রোনের ধ্বংসাবশেষে আঘাতে কুমিল্লার প্রবাসী আলমের মৃত্যু

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১২:৪০ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ছোট্ট একটি গ্রাম জিরুইন। সেখানেই ছিল শাহ আলম ভূঁইয়ার স্বপ্নের সংসার। প্রায় এক যুগ আগে পরিবারের সচ্ছলতার আশায় মরুভূমির দেশে  পাড়ি জমিয়েছিলেন তিনি। দীর্ঘ প্রবাসজীবনে কষ্ট করে কিছুটা স্বচ্ছলতাও ফিরিয়েছিলেন। কিন্তু ড্রোনের হামলা মুহূর্তের মধ্যে সব কিছু শেষ করে দিল।

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে একটি খামারে কাজ করতেন শাহ আলম ভূঁইয়া (৪৫)।

বুধবার (১ এপ্রিল) সকালে হঠাৎ আকাশ থেকে ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষ এসে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবরটি পৌঁছানোর পর থেকে শোকে স্তব্ধ হয়ে আছে তার পরিবার ও পুরো এলাকা।

এ বিষয়ে নিহত শাহ আলমের বোন সাবিনা আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ভাই খুব কষ্ট করে সংসার চালাত। সামান্য বেতনে কাজ করেও পরিবারের জন্য সব কিছু করতো। আমরা শুধু চাই, তার মরদেহটা যেন দ্রুত দেশে আনা হয়।

পরিবারের অন্য সদস্যরা জানায়, ২০১৩ সালে প্রথমবারের মতো দুবাই যান শাহ আলম। এরপর কয়েক দফায় দেশে এসে আবার ফিরে গেছেন কর্মস্থলে। সর্বশেষ ২০২৫ সালে তিন মাসের ছুটি কাটিয়ে গিয়েছিলেন। দুই ছেলে ও দুই মেয়ের জনক শাহ আলমের স্বপ্ন ছিল সন্তানদের মানুষ করা, পরিবারের অভাব ঘোচানোর। কিন্তু সেই স্বপ্নের মাঝপথেই থেমে গেল তার জীবন।

এ বিষয়ে সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জাকির হোসেন জানান, খবরটি শোনার পর থেকে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তার পরিবারের আহাজারি সহ্য করার মতো নয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান জানান, প্রশাসনের পক্ষ থেকে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত