বগুড়ায় সাড়ে ৪ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোটসহ এক জাল নোট ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে বগুড়া সদর থানার জজ কোর্ট চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেল ৪টার দিকে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার রফিকুল ইসলাম (৪৭) নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। 

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল জজ কোর্ট চত্বরে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রফিকুল ইসলামকে আটক করে তার হেফাজতে তল্লাশি চালিয়ে এক হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য ৪ লাখ ৫৩ হাজার টাকা।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে এর আগেও জাল টাকা ও চেক জালিয়াতিসহ মোট ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত