হিলিতে হামের সন্দেহে রোগী শনাক্ত, নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ 

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পিএম

সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুরের হিলিতে একজন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে। নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে রিপোর্ট আসলে বলা যাবে সে হামে আক্রান্ত কিনা। এদিকে হাম রোগের প্রাদুর্ভাব ঠেকাতে সবধরনের প্রস্তুতি নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

দুদিন আগে হাসপাতালে আসা এক শিশুর শরীরে উপলক্ষণ দেখে সন্দেহ হওয়ায় তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। সেই সাথে ওই শিশুকে জয়পুরহাট সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। এদিকে আগামী রবিবার থেকে হামের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। শরীরে লাল লাল র‌্যাস বের হওয়াসহ জ্বরসহ অন্যান্য লক্ষণ দেখা দিলে দ্রুত শিশুকে হাসপাতালে চিকিৎসকের নিকট আনার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার জাহান বলেন, আপনারা সবাই জানেন যে সারা দেশেই মোটামুটি হামের প্রাদুর্ভাব দেখা গেছে। আমাদের হাকিমপুরে আপাতত ওইরকম কোনো রোগী বেশি পাই নাই। তবে গতকালের আগের দিন আমরা সাসপেক্টেড হিসেবে একটা পেশেন্ট পেয়েছিলাম। আমরা তার স্যাম্পল কালেকশন করে ঢাকায় পাঠিয়েছি। রিপোর্ট পাওয়ার পর জানতে পারব যে আসলে তিনি হামে আক্রান্ত কি না। 
আমাদের সার্বিক প্রস্তুতি বলতে সামনে রবিবার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা। আমরা পুরো নির্দেশনা পেলে বাকিটুকু সম্পূর্ণভাবে শুরু করতে পারব। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে হামের টিকা আছে। আশা করি আমাদের এখানে যত রোগী আছে, যারা টিকা নেয়নি যাদের ৯ মাস বা ১৫ মাসের টিকা দেওয়ার কথা কিন্তু তারা নেয়নি সেটাসহ যাদের সামনে টিকা দেওয়া লাগবে, তাদের সকলকে আমরা টিকা দিতে পারব। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথেষ্ট পরিমাণে হামের টিকা মজুদ আছে, আশা করি কোনো সমস্যা হবে না।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত