নেত্রকোনায় প্লাবিত হাওর পরিদর্শনে ডেপুটি স্পিকার

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম

আকস্মিক পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে নেত্রকোনার হাওর অঞ্চলে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের ফসল। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে কলমাকান্দা উপজেলা-এর বড়খাপন ইউনিয়নের কাউয়ার বাড়ি খালসহ বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

পরিদর্শনকালে ডেপুটি স্পিকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি গভীর সমবেদনা জানান এবং হাওর অঞ্চলের জলাবদ্ধতার জন্য বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করেন।

তিনি বলেন, ‘এ অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কৃষি। হঠাৎ পানিতে ফসল তলিয়ে যাওয়ায় তারা চরম ক্ষতির মুখে পড়েছেন। কেউ হয়তো কিছু ফসল পাবেন, কেউ পাবেন না— এটি অত্যন্ত দুঃখজনক। আমরা নতুন দায়িত্ব নিয়েছি। আপাতত প্রশাসনের পক্ষ থেকে বাঁধের ব্যবস্থা ও কৃষকদের জন্য অনুদান দেওয়া হয়েছে। ভবিষ্যতে কৃষকের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।’

হাওরের বর্তমান অবস্থার জন্য পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, ‘গত ১৫-২৫ বছর ধরে এ অঞ্চলে নদী বা খাল খনন হয়নি। বরং বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে মাছ চাষের জন্য পানি প্রবাহ বাধাগ্রস্ত করা হয়েছে। এতে নদী-খালের স্বাভাবিক সংযোগ নষ্ট হয়েছে।’

তিনি আরও জানান, বর্তমান সরকার সারা দেশে খাল ও নদী খননের বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় হাওর অঞ্চলের খালগুলোও খনন করা হবে। বর্তমানে নেত্রকোনার হাওর অঞ্চলের প্রায় ৪২ হাজার হেক্টর জমির ফসল ঝুঁকির মুখে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাফিলতির অভিযোগ তুলে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও প্রকৌশলীদের দ্রুত হাওর এলাকায় গিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত