পাচারের সময় ২ হাজার লিটার জ্বালানি জব্দ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পিএম

ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি স্টিল বডির বোটে অবৈধভাবে পরিবহনকালে প্রায় ২ লাখ টাকা মূল্যের ২ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয় এবং দুই চোরাকারবারিকে আটক করা হয়।

পরে ভোলা সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে জব্দকৃত তেল স্থানীয় এ. রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে বাজারমূল্যে বিক্রি করা হয়। একই সঙ্গে আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে বোটসহ তাদের ছেড়ে দেওয়া হয়। তেল বিক্রি ও জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানায়, অবৈধ জ্বালানি পরিবহন ও মজুদ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত