ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
বুধবার (২৬ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, মোবাইল ডিসপ্লে, চকলেট ও সিরাম জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
বিজিবি জানায়, জব্দ করা মালামাল পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।