টানা ৫ ম্যাচে হারানো শ্রীলঙ্কার কাছে এবার হারলো বাংলাদেশ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পিএম

থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে জয়ের ধারা ধরে রাখতে পারল না বাংলাদেশ। আসরের প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে হারিয়ে উড়ন্ত সূচনা করলেও দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরেছে লাল-সবুজ প্রতিনিধিরা। অতীতের পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে থাকলেও মাঠের লড়াইয়ে আজ লঙ্কানদের টেক্কা দিতে ব্যর্থ হয়েছে দল।

ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল শ্রীলঙ্কা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি তারা; ১৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে অভিজ্ঞ আশরাফুল ইসলাম গোল করে দলকে ১-১ সমতায় ফেরান।

দ্বিতীয় কোয়ার্টার থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে শ্রীলঙ্কা। ১৬ মিনিটে কুশল উইরাপ্পুলি গোল করে লঙ্কানদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর গোল শোধে মরিয়া বাংলাদেশ ৩১ থেকে ৩৬ মিনিটের মধ্যে পরপর দুটি পেনাল্টি কর্নার পেলেও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ আরও একটি গোল হজম করলে ম্যাচ থেকে ছিটকে যায়। শেষ দিকে আমিরুল ইসলাম একটি গোল পরিশোধ করলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে হকিতে বাংলাদেশের রেকর্ড বরাবরই ঈর্ষণীয়। এর আগের টানা পাঁচবারের দেখায় প্রতিবারই জয় পেয়েছিল বাংলাদেশ। দীর্ঘ সময় পর লঙ্কানদের কাছে এই পরাজয় দলের জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এশিয়ান গেমসের সমীকরণ

বাছাইপর্বে অংশ নেওয়া ৯টি দেশের মধ্যে শীর্ষ ৬টি দল সুযোগ পাবে মূল আসরে। আগামী সেপ্টেম্বরে জাপানে বসবে ২০তম এশিয়ান গেমসের আসর। বাছাইয়ে টিকে থাকতে হলে পরের ম্যাচগুলোতে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।

এখন পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়া। সেই সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে হার থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ দল দ্রুত ঘুরে দাঁড়াবে—এমনটাই প্রত্যাশা ভক্তদের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত