বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনও সংকট নেই। গত বছরের তুলনায় এ বছর তেলের চাহিদা কেন দ্বিগুণ বেড়ে যাবে? আশ্বস্ত করছি, আগামী তিন থেকে চার মাসের জন্য প্রয়োজনীয় তেলের মজুদ আমাদের কাছে রয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে কৃষি উপকরণ বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এদিন ১৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হতদরিদ্র কৃষকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকদের কৃষি কাজে উৎসাহিত করতে বিনামূল্যে বীজ-সার বিতরণসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে চাষাবাদে যে বৈপ্লবিক নজির রেখে গেছেন, বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।
তিনি আরও উল্লেখ করেন, সরকারের ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি ইতিমধ্যে দৃশ্যমান। আগামী পহেলা বৈশাখ থেকে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’র মতো যুগান্তকারী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাট চাষিদের সুবিধার জন্য সরকার সবসময় উন্নত মানের বীজ সরবরাহ নিশ্চিত করবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে এখনও ভর্তুকি দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এক শ্রেণির মোটরবাইকারদের অপ্রয়োজনীয় মজুদ বা অতিরিক্ত ব্যবহারের কারণে বাজারে সাময়িক অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে।
বীজ বিতরণ শেষে প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কালনী নদীর কচুরিপানা পরিষ্কার কার্যক্রম তদারকি করেন এবং কুলিয়ারচর বাজার লঞ্চঘাটে একটি নতুন জেটি নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকার, ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়জুল ইসলাম, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার।
এ ছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর পৌর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কিতাব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
